কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোববার (৩১ মার্চ) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের বটতলীতে সড়ক পার হওয়ার সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
নিহত সাজ্জাদ রহমান (৬) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার রফিক আলমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্বজনের সঙ্গে দেখা করে সাজ্জাদ রহমান মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। তারা কক্সবাজার-টেকনাফ সড়কের সংযোগস্থলে পৌঁছালে রাস্তা পার হতে গিয়ে শিশুটি দৌড় দেয়। এ সময় পালংখালী স্টেশনগামী ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি জিপ গাড়ি শিশুটিকে ধাক্কায় দেয়।
এতে শিশুটি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত শিশুটি অসাবধনতার কারণে দৌড় দিয়ে রাস্তা পার হতে গিয়ে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।
আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আইএনবি/ বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews