ভোলা প্রতিনিধি: ‘ইলিশ মাছ রান্না না করায়’ মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনায় অভিযুক্ত যুবক রাহাতকে আটক করেছে পুলিশ।
বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুলাল হাওলাদারের বাড়িতে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় নিহত নাসিমা বেগমকে (৪২) বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জাহানারা নামের এক প্রতিবেশী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত রাহাত ঢাকায় কামরাঙ্গীর চরে পারিবারিক মুদি দোকানে থাকে। কাউকে কিছু না জানিয়ে সোমবার সকালে বাড়িতে চলে আসে। সন্ধ্যার দিকে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে রাহাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
এদিকে, আহত জাহানারাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত রাহাতকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, সন্ধ্যায় ইফতারের পর রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বলেন। রাহাতের স্ত্রী ও বাবা ঢাকায় থাকায় তার মা বলেন- বাড়িতে কেউ নেই, একা সংসারের অন্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারব না। এ নিয়ে মায়ের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে রাহাত দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews