আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, আত্মরক্ষার অংশ হিসেবে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ রাডার ও ড্রোন স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার জবাবে এই হামলা চালানো হয়।
সেন্টকমের দাবি অনুযায়ী, ইরানের গোড়ুক শহর এবং কেশম দ্বীপে অবস্থিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী আক্রমণাত্মক ড্রোন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
অভিযানে এসব স্থাপনা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
মার্কিন বাহিনীর ভাষ্য, ওই ড্রোন ও সামরিক অবকাঠামোগুলো আঞ্চলিক জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করছিল।
ইরানের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
তবে হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আল জাজিরা
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews