আইএনবি ডেস্ক:রাজধানীর বনানী মাঠে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আপনাদের (হিন্দুদের) কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই। আপনারা আপনাদের বিবেকের কাছেই দায়ী থাকবেন। যে সময়ে নাগরিক অধিকার, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা, সরকারি বরাদ্দ ও ছুটির সুযোগ সবচেয়ে বেশি থাকবে, সেই সময়েই সংশ্লিষ্ট সরকারের প্রতি সমর্থন বেশি থাকবে বলে আশা করা যায়।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনায় না গিয়ে স্বাধীন নাগরিক হিসেবে নিজেদের অধিকার ও স্বাধীনতা বিচার করার দায়িত্ব তাদের ওপরই ছেড়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, “বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা নিজেরাই বিচার করবেন, কোন গণতান্ত্রিক সময়ে আপনাদের সব সাংবিধানিক ও নাগরিক অধিকার সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে?”
তিনি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ ব্যবহারের আহ্বান জানিয়ে উল্লেখ করেন যে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকারের অধিকারী এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করার সুযোগ নেই। সংবিধান সব ধর্মাবলম্বীকে স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় প্রতিষ্ঠা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার দিয়েছে, যা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এবার দেশে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ সরকারি বরাদ্দ এবং দীর্ঘতম ছুটি রাখা হয়েছে, যাতে সবাই উৎসবের আনন্দ নির্বিঘ্নে উদযাপন করতে পারেন। একই সঙ্গে বনানী পূজামণ্ডপের ‘জলজ’ থিমের দেশীয় কালচার ও ঐতিহ্যে নির্মিত সাজসজ্জার ভূয়সী প্রশংসা করেন তিনি।
গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে ও সদস্য স্বপ্না ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারীসহ কূটনৈতিক কোরের সদস্যরা। অন্যান্যের মধ্যে বাফুফে সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন) বক্তব্য দেন। মহাষষ্ঠীর শুভলগ্নে আগমনী গান, নৃত্য পরিবেশনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং বিশেষ সাময়িকী ‘বোধন’-এর মোড়ক উন্মোচনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews