বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী জয়া প্রদাকে একটি মামলায় ছয় মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ দণ্ডাদেশ দিয়েছে চেন্নাইয়ের একটি আদালত।
জয়ার বিরুদ্ধে অভিযোগ, নিজের কেনা সিনেমা হলের কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেননি তিনি।
ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমাহল কিনেছিলেন জয়া। তবে লোকসান হওয়ায় হলটি বন্ধ করে দেন তিনি। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।
এ নিয়ে কর্মীরা অভিযোগ করলে জয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোড় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।
অভিনেত্রী অভিযোগ স্বীকার করে নেন এবং মামলার বাদীদের আশ্বাস দেন, বকেয়া সব মিটিয়ে দেবেন। মামলা খারিজ করার আবেদন জানান তিনি।
কিন্তু তাতে কাজ হয়নি। জয়ার সেই আবেদন খারিজ করে শুক্রবার ওই মামলার শাস্তি ঘোষণা করেন আদালত।
উল্লেখ্য, ওই সিনেমাহল ব্যবসায় রাম কুমার ও রাজা বাবু নামে দুই সহযোগী ছিলেন জয়ার সঙ্গে। তাদেরও দোষীও সাব্যস্ত করা হয়েছে এ মামলায়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews