/* */
Dhaka , Tuesday, 25 August 2026

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

Update Time : 08:44:55 pm, Saturday, 18 July 2026

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে শনিবার (১৮ জুলাই) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ বিস্ফোরণ ঘটে। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও স্থানীয় একটি খামারে অবৈধভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে দমকল বাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কয়েক ঘণ্টা অভিযান চালানো হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট