/* */
Dhaka , Thursday, 27 August 2026

বাংলা সিনেমা না দেখলেও কাজ করতে চান কাজল

Update Time : 09:06:11 pm, Saturday, 18 July 2026

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নব্বইয়ের দশক থেকে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর জনপ্রিয়তা এখনো অটুট। এবার সেই জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেলেন তিনি।

বাংলার সঙ্গে কাজলের পারিবারিক যোগ থাকলেও বাংলা ভাষায় এখনো সাবলীল নন অভিনেত্রী। শুক্রবার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। সরাসরি ‘না’ বললেও বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছার কথা জানিয়েছেন কাজল। সময় ও সুযোগ মিললে বাংলা ছবিতে কাজ করতে চান তিনি।

কাজলের মা তনুজাও ছিলেন ভারতের একজন খ্যাতিমান অভিনেত্রী। হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা চলচ্চিত্রেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন তিনি। মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, এখনো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তার মতে, তনুজা অনেক বড় মাপের অভিনেত্রী এবং মায়ের দেখানো পথ অনুসরণ করেই তিনি এতদূর এসেছেন।

নিজের ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেন কাজল। জানান, তিনি অত্যন্ত নিয়মানুবর্তী। সময় মেনে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষে নির্ধারিত সময়ে বেরিয়ে যাওয়া দুটিই তার স্বভাবের অংশ। বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি।

এবার আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট’ সম্মাননা কাজল ছাড়াও পেয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও অনেকে।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট