/* */
Dhaka , Tuesday, 25 August 2026

ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

Update Time : 04:58:18 pm, Thursday, 23 July 2026

বিনোদন ডেস্ক: শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও বিতর্কিত পরীক্ষাপদ্ধতি সংস্কারের প্রশ্নে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নীরবতা নিয়ে সরগরম নেটদুনিয়া। নীতিগত কারণে ক্যাটরিনার নীরবতার প্রতিবাদ জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অভিনেত্রীর একটি জনপ্রিয় ফ্যান পেজ, যার অনুসারী সংখ্যা ছিল ৭০ হাজারের বেশি।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) পরিচালিত এই ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্ষোভ প্রকাশ করে ফ্যান পেজটির অ্যাডমিন এই কঠিন সিদ্ধান্ত নেন।

ফ্যান পেজের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে লেখা হয়, ছোটবেলা থেকেই আপনার অনুরাগী ছিলাম। কিন্তু যারা আপনাকে মন থেকে ভালোবাসে, সেই ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষে আপনি একটি শব্দও খরচ করলেন না। সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহসিকতা আপনার নেই। বিপদের দিনে আমরা যখন আপনার পাশে দাঁড়িয়েছিলাম, তখন আপনি আমাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলেন। তাই বাধ্য হয়ে এই পেজ বন্ধ করছি এবং আপনাকে আনফলো করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয়েছে নানামুখী আলোচনা ও বিতর্ক। অনেকেই ফ্যান পেজটির অ্যাডমিনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে, ক্যাটরিনার অনুরাগী একটি পক্ষ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে যেমন আন্দোলন করার অধিকার আছে, তেমনি কোনো বিষয়ে নীরব থাকা বা নিজের মতামত না দেওয়ার স্বাধীনতাও একজন শিল্পীর রয়েছে। তাই কাউকে এভাবে বাধ্য করা অনুচিত।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন শাবানা আজমি, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ ও প্রকাশ রাজের মতো বহু তারকা। সেই জায়গায় ক্যাটরিনার এই নীরব ভূমিকা ভক্তদের একাংশের মধ্যে বড় ধরনের হতাশাজনক বার্তা দিয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট