/* */
Dhaka , Tuesday, 25 August 2026

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৫ দিন পর ট্রেন চলাচল শুরু

Update Time : 02:22:17 pm, Sunday, 12 July 2026

আইএনবি ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার রুটে টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার বিকেল থেকে শুরু হচ্ছে রেল চলাচল।

এর আগে, গত ৭ জুলাই থেকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার চট্টগ্রামে বিভিন্ন স্থানে রেললাইনের ওপর পানি জমে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ। তিনি বলেন, ‘রেললাইনে সব ধরনের ত্রুটি সারানো হয়েছে। আজ বিকেল থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল করবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এর আগে, দীর্ঘ ১১ ঘণ্টা চট্টগ্রাম ষোলশহরে আটকে থাকার পর ৭ জুলাই রাত ১১টায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। এরপর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। এই রুটে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া-আসা করে। এসব ট্রেনে করে প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-পরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানান, পানির স্তর কমে আসার পাশাপাশি জরুরি প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের ফলে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে রেললাইন। শনিবার রাত পর্যন্ত নিচু অংশে প্রায় ৪ ইঞ্চি পানি থাকলেও লাইন লিফটিংয়ের মাধ্যমে মধ্যরাতে রেললাইনকে পানির স্তর থেকে অন্তত ১০ ইঞ্চি ওপরে উন্নীত করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ রোববার থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট