/* */
Dhaka , Thursday, 27 August 2026

এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ ঘিরে সচিবালয়মুখী সড়কে পুলিশের ব্যারিকেড

Update Time : 04:34:13 pm, Wednesday, 15 July 2026

আইএনবি ডেস্ক: শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় অভিমুখী সড়কে ব্যারিকেড বসানো হয়।

এ সময় প্রতিটি ব্যারিকেডে শিকল ও তালা লাগাতে দেখা যায়। সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সায়েন্সল্যাব মোড় থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হওয়ার খবর পেয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ সড়কটি বন্ধ করে দেয়।

এদিন বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তার আগে দুপুর আড়াইটার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে।

পরে তারা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হয়। সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিলেও সন্ধ্যার পর আবারও তারা অবস্থান নেয়।
পরে রাত ১০টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে।

অবরোধ প্রত্যাহারের আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ উপস্থিত শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ঘোষণা দেয়, ‘আজ রাতের মধ্যে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল (বুধবার) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট