/* */
Dhaka , Wednesday, 26 August 2026

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

Update Time : 10:36:17 pm, Saturday, 25 July 2026

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে ‘যন্তর মন্তর’ থেকে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহারের কথা ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বাকি দাবিগুলো পূরণেও সরকারের আশ্বাস পাওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

শনিবার সরকারের দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করার পর সিজেপি জানিয়েছে, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।

জানা যায়, শনিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে ছিলেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠক শেষে মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহকে সাথে নিয়ে একসঙ্গে সংবাদ সম্মেলন করে অবস্থান প্রত্যাহারের কথা জানান তারা।

সৌরভ বলেন, সদিচ্ছার সঙ্গেই অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। আমরা আশা করি সরকারের দেওয়া সময়সীমার মধ্যেই সব শর্ত বাস্তবায়ন করবে।

এই সিদ্ধান্ত সরকারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে বলে জানায় সিজেপি।

শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও পরীক্ষায় নিট কেলেঙ্কারির প্রতিবাদে দফায় দফায় রাজধানীর রাজপথে আন্দোলন শুরু করে সিজেপি। তরুণ প্রজন্ম তো বটেই, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভিড় চোখে পড়ে তাদের আন্দোলনে।

গত ২০ জুন থেকে ‘যন্তর মন্তরে’ অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। টানা ৩৬ দিন অবস্থান চালানোর পর শনিবার তা প্রত্যাহার করল সিজেপি। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, সরকারের কাছে মাথা নত করেনি। সরকার সব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট