চট্টগ্রাম প্রতিনিধি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে ।
শুক্রবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আজ বিকেল ৪টায় কোরিয়ান ইপিজেড এলাকাস্থ ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে এ স্কলারশিপ প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন ‘ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম’নামে এ স্কলারশিপ দেয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সংকটের প্রভাব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে আক্রান্ত করেছে। বাংলাদেশের অধিকাংশ তেল মধ্যপাচ্য থেকে আসে। তেলের সংকট মোকাবিলা করার জন্য সারাবিশ্বের সাথে আমাদের যোগাযোগের প্রক্রিয়া চালু রয়েছে। সর্বোপরি আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জ্বালানি নিরাপত্তা ওপর কম্প্রোমাইজের সুযোগ নেই।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অনেক ভালো আছে। এ ছাড়া আমেরিকাসহ সব দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন পর্যন্ত দেশে কোনো সংকট তৈরি হয়নি৷ ঈদের সময় সবাই বাড়ি গেছে, ঈদ শেষে যানবাহনে করে কাজে ফিরে এসেছে, সব ধরনের কারখানা চলছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে উচ্চমূল্যে তেল-গ্যাস কিনে কত দিন এভাবে চলবে, এটা ভাবনার বিষয়। তাই অতি শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।’
তিনি বলেন, সংকট মোকাবিলায় সাশ্রয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে সাশ্রয় পোগ্রামে অংশ গ্রহণ করতে হবে। জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইয়ং ওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং।
সিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
আইএনবি/বিভূঁইয়া