মাগুরায় আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের খবরে উত্তেজনা, আটক ৩

মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই অফিস উদ্বোধন ঘোষণা করা পরপরই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা শহরের জামরুলতলা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের জামরুলতলা এলাকায় অবস্থিত জেলা আওযামী লীগের অফিসের নীচ তলায় হঠাৎ কিছু নেতাকর্মী সমবেত হয়ে পাতাকা উত্তোলন এবং দোয়া পরিচালনা করেন। এই সময় ২০/২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ৩য় তলায় অবস্থিত অফিসটি উদ্বোধন করার কথা ঘোষণা করেন। এই ঘোষণার কিছু সময় পর ওই অফিসে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। একপর্যায়ে সেখানে অগ্নিসংযোগ করা হয়। পরে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে আটক করা হয়।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শহরের জামরুলতলায় একটি তিন তলা ভবনের ৩য় তলায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সেটি বন্ধ ছিল। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে ওই অফিসটি উদ্বোধনের খবরে উত্তেজনা সৃষ্টি হয়।

আইএনবি/বিভূঁইয়া