আইএনবি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর পল্টনে একটি হোটেলে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যেগে আলেম-ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধানই যদি মানেন, তাহলে এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই ইলেকশানও সংবিধানে ছিল না, ইন্টেরিম সরকারও ছিল না।’
সেইসঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচনোত্তর যেসব তথ্য বেরিয়ে আসছে, তা ভয়ংকর। রিজওয়ানা হাসানের বক্তব্য প্রমাণ করে তিনি ইঞ্জিনিয়ারিংয়ের অপরাধে জড়িত।
এর আগে, সোমবার (২ মার্চ) চ্যানেল ওয়ানের একটি অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, ‘একটা শক্তি আছে, সেই শক্তি আগেও নারী নীতি বদলে দিয়েছে।’
সেই শক্তির একটা পার্ট এখন বিরোধীদলে, প্রশ্নকর্তার এমন মন্তব্যের পর রিজওয়ানা বলেন, ‘সেই শক্তির একটা পার্ট যদি বিরোধীদল হয়েও থাকে, আপনার আমার কাজ হবে, তাদের রাজনীতির যে অংশটা নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহনের বিরুদ্ধে, সেটুকু নিয়ে কাজ করা। কখনও যেন এ জাতীয় শক্তি মেইনস্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, আমরা তাদের মেইনস্ট্রিম হতে দেইনি।’
আইএনবি/বিভূঁইয়া