আইএনবি ডেস্ক: আজ দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ৬ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাস থেকে বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সারা দেশের সামগ্রিক সিনপটিক অবস্থায় দেখা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান।
এর প্রভাবে আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া