ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

পাবনা প্রতিনিধি:ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

পাবনা প্রেসক্লাবে শুক্রবার (৩ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের সংবাদ ও তথ্য পরিবেশন করা হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। সঠিক তথ্য তুলে ধরতে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেকিং করা জরুরি এবং অনুমাননির্ভর সংবাদ প্রকাশ কোনোমতেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার জন্য প্রতিটি জেলায় একটি প্রেসক্লাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।

এর আগে সন্ধ্যায় তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী ‘পাবনা বইমেলা’ উদ্বোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এ ছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে।’

আইএনবি/বিভূঁইয়া