আইএনবি ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
লিগ্যাল নোটিশে দাবি করা হয়, দেশে আকস্মিকভাবে হাম রোগের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এতে বহু শিশু মারা গেছে ও অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছে। হাম টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।
যাদের বিরুদ্ধে তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল, ষৈয়দা রিজওয়ান হাছান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সারওয়ার ফারুকী সহ অন্যান্য উপদেষ্টা সদস্যরা।
এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, আইনের শাসন, গণতন্ত্র, সরকারের জবাবদিহি এবং মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে এই নোটিশ পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া