সিলেটে পুলিশের ওপর হামলা, হেফজতে থাকা দুই আসামি ছিনতাই

সিলেট প্রতিনিধি: সিলেটে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার দলইপাড়া এলাকায় পুলিশের হেফাজত থাকা দুই ‘মাদক কারবারিকে’ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্তরা পুলিশের ওপর চড়াও হয়ে হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুর আলম বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, শাহপরাণ থানা পুলিশের একটি দল দলইপাড়া এলাকার একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়ে ২৯৭ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম ও জাবেদ আহমদ নামের দুই মাদক কারবারিকে আটক করে। আটকের পর আসামিরা চিৎকার শুরু করলে তাদের সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশ হেফাজত থেকে আটক দুই আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুর আলম জানান, ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসার পথে স্থানীয় কিছু মাদক কারবারি ও বাসিন্দা মিলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা পুলিশের ওপর চড়াও হয় এবং আসামিদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার এবং এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

আইএনবি/বিভূঁইয়া